পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর
উত্তরদক্ষিণ। বুধবার (২২ জুলাই) ২০২৬, আপডেট ২১:৫০
দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রীর কাছে বিজিএমইএ’র প্রতিনিধিরা তাদের শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমস্যাগুলোর সমাধানে তারা স্বল্প ও দীর্ঘমেয়াদি কয়েকটি দাবি ও প্রস্তাবনাও উপস্থাপন করেন।
তিনি জানান, এ সময় প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন।
বিজিএমইএ’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।
ইউডি/এবি

