৮ আগস্টের পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার রুটিন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, আপডেট ১৭:১০
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষাগুলোর নতুন সময়সূচি আগামী ৮ আগস্টের পর প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর নতুন রুটিন প্রকাশ করবে বোর্ড।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বার্তা২৪.কমকে এ তথ্য জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী।
তিনি বলেন, আগের রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলো ২৭ জুলাই থেকে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষাগুলোর নতুন রুটিন আগামী ৮ আগস্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নিয়ে প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, ২৭ জুলাই থেকে আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে এবং পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু হবে। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর জন্য পৃথক সময়সূচি প্রকাশ করা হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার্থীদের পূর্বঘোষিত রুটিন অনুযায়ী বাকি পরীক্ষার প্রস্তুতি অব্যাহত রাখার আহ্বান জানান।
ইউডি/রেজা

