বাংলাদেশে এসে বড় ঘোষণা আতিফ আসলামের

বাংলাদেশে এসে বড় ঘোষণা আতিফ আসলামের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, আপডেট ১৮:১০

দীর্ঘদিন পর নিজের পছন্দের গান নিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ঢাকায় এসেই ভক্তদের জন্য সেই সুখবর দিলেন তিনি। আজ (২৩ জুলাই) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে বিকেল সাড়ে ৪টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আতিফ জানান, আগামী ৩১ জুলাই প্রকাশ পাবে তার নতুন অ্যালবাম ‘সুবাহ্‌ আয়না’। একই সঙ্গে বাংলাদেশের দর্শক, খাবার, শিল্পী এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও খোলামেলা কথা বলেন এই গায়ক।

সংবাদ সম্মেলনে আতিফ জানান, গত কয়েক বছর কনসার্ট, রেকর্ডিং ও চলচ্চিত্রের গানে এতটাই ব্যস্ত ছিলেন যে নিজের লেখা ও সুর করা গান প্রকাশের সুযোগ পাননি। যদিও এই সময়জুড়ে তিনি নিয়মিত গান লিখেছেন এবং নতুন সুর তৈরি করেছেন।

তিনি বলেন, ‘আমি মূলত চলচ্চিত্রের গানের জন্য গাইছিলাম। কিন্তু অনেক দিন ধরেই মনে হচ্ছিল, নিজের পছন্দের গানগুলো প্রকাশ করা আমার নিজের কাছেই একটি দায়বদ্ধতা। তাই এবার সেই কাজটি করছি। ইনশাআল্লাহ, এখন থেকে প্রতি বছর একটি করে অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।’

নতুন অ্যালবাম প্রসঙ্গে আতিফ জানান, ‘সুবাহ্‌ আয়না’ শিরোনামের এই অ্যালবামে থাকছে আটটি গান। প্রায় আট বছর ধরে তিনি এই প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। এতে রাজ, শিরাজ উপ্পল, আহসান পারভেজ মেহেদীসহ আরও কয়েকজন সংগীতশিল্পী ও প্রযোজকের সঙ্গে কাজ করেছেন।

সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়, ঢাকার কনসার্টে নতুন অ্যালবামের কোনো গান পরিবেশন করবেন কি না। জবাবে আতিফ স্পষ্ট করে বলেন, ‘না, অ্যালবাম প্রকাশের আগে নতুন গান গাইব না। অ্যালবাম প্রকাশের পরই আবার ফিরব, ইনশাআল্লাহ।’

আসন্ন কনসার্ট প্রসঙ্গেও কথা বলেন তিনি। আতিফ বলেন, তার প্রথম প্রার্থনা যেন বৃষ্টি না হয়। তবে বৃষ্টি হলেও দর্শকদের সঙ্গে সেই পরিবেশ আরও উপভোগ্য হয়ে উঠবে বলে বিশ্বাস করেন তিনি। একই সঙ্গে আগেরবারের তুলনায় এবার ভিন্নধর্মী আয়োজন থাকবে বলেও ইঙ্গিত দেন।

বাংলাদেশি খাবারের প্রসঙ্গ উঠতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন এই শিল্পী। তিনি বলেন, বাংলাদেশের খিচুড়ি, মালাই চা ও বিরিয়ানি তার সবচেয়ে প্রিয় খাবারের তালিকায় রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে গেলেও বাংলাদেশের খাবারের প্রশংসা করেন বলে জানান তিনি। এমনকি কেউ ভালো খাবারের পরামর্শ চাইলে বাংলাদেশে এসে খাবার চেখে দেখারও পরামর্শ দেন।

বাংলাদেশের সংগীতাঙ্গনের প্রসঙ্গ উঠলে কিংবদন্তিতুল্য শিল্পী রুনা লায়লার প্রশংসা করেন আতিফ। তিনি জানান, একটি সংগীত প্রতিযোগিতায় রুনা লায়লার সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন। তাকে ‘লেজেন্ড’ উল্লেখ করে আতিফ বলেন, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুণ।

বাংলাদেশের দর্শকদের প্রতিও বিশেষ ভালোবাসার কথা জানান এই গায়ক। তার ভাষায়, বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও বাংলাদেশের দর্শকদের মতো উচ্ছ্বাস খুব কমই দেখা যায়। বিশেষ করে ‘আদাত’ গানটি যখন হাজারো দর্শক একসঙ্গে গেয়ে ওঠেন, সেই মুহূর্ত তার কাছে সবসময়ই স্মরণীয়।

বাংলা ভাষায় গান গাওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেন আতিফ আসলাম। তবে উচ্চারণ পুরোপুরি আয়ত্ত না করে বাংলা গান গাইতে চান না বলে জানান তিনি। কারণ ভাষাটির প্রতি কোনো অসম্মান করতে চান না।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এর আগে বাংলাদেশি সিনেমার জন্য ‘মিঠে আলো’ শিরোনামের একটি গান গেয়েছেন। ভবিষ্যতেও বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীতশিল্পীদের সঙ্গে নতুন প্রজেক্টে কাজ করার আগ্রহ রয়েছে তার।

নিজের সংগীতজীবনের অনুভূতি জানাতে গিয়ে আতিফ বলেন, মন খারাপের সময়ই তিনি সবচেয়ে বেশি গান লেখেন। তার মতে, সেই সময় সৃষ্টিশীলতা সবচেয়ে ভালো কাজ করে। আর নতুন অ্যালবাম ‘সুবাহ্‌ আয়না’ নিয়েই তিনি সবচেয়ে বেশি গর্বিত। কারণ, এই অ্যালবামের প্রতিটি গান তার হৃদয় ও আত্মা থেকে তৈরি।

সবশেষে বাংলাদেশের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আতিফ বলেন, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী তার সবচেয়ে বড় শ্রোতাগোষ্ঠীর একটি বাংলাদেশে। তাই এই দেশের মানুষের প্রতি তিনি সবসময়ই বিশেষ কৃতজ্ঞ।

উল্লেখ্য, বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ঢাকায় পৌঁছান পাকিস্তানের এই জনপ্রিয় শিল্পী। তার আগমনকে ঘিরে ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে। আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’। এই কনসার্টকে ঘিরে ভক্তদের মধ্যে এরই মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading