ব্রাজিলের কোচ আনচেলত্তিকে চায় ইতালি

ব্রাজিলের কোচ আনচেলত্তিকে চায় ইতালি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, আপডেট ১১:৫০

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় ইতালি। গত এপ্রিলে জেন্নারো গাত্তুসোর পদত্যাগের পর এখনো অভিভাবকহীন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ফুটবল দল। নতুন প্রধান কোচের খোঁজে একের পর এক চমকপ্রদ পদক্ষেপ নিচ্ছে ইতালি ফুটবল ফেডারেশন। পেপ গুয়ার্দিওলার সঙ্গে আলোচনার গুঞ্জনের পরপরই ইতালির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি নতুন তথ্য প্রকাশ করেছেন। গুয়ার্দিওলার সঙ্গে কথা বলার আগেই তারা ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির সাথে যোগাযোগ করেছিলেন।

এক সংবাদ সম্মেলনে এসি মিলান ও ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি বলেন, “পেপের সাথে কথা বলার আগে আমরা যে কার্লোর সাথেও যোগাযোগ করেছিলাম- সেটি লুকানোর কিছু নেই। সত্যি বলতে, যাদের আমরা বিশ্বের সেরা মনে করি, তাদের দিয়েই আলোচনা শুরু করাটা আমাদের কাছে সবচেয়ে সঠিক পদক্ষেপ বলে মনে হয়েছে।”

তবে ৬৭ বছর বয়সী আনচেলোত্তি ইতালির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গত মে মাসেই ব্রাজিল ফুটবল কনফেডারেশন এর সাথে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন তিনি। ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিলেও আনচেলোত্তির ওপরই পূর্ণ আস্থা রাখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আনচেলত্তির না পাওয়ার পর ইতালি মনোযোগ দেয় সিটির সাবেক মাস্টারমাইন্ড ৫৫ বছর বয়সী পেপ গুয়ার্দিওলার দিকে। তবে ইতালীয় সংবাদমাধ্যম ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ট’ জানাচ্ছে, ইতালি যে বেতনের প্রস্তাব দিয়েছিল, গুয়ার্দিওলা তার দ্বিগুণ অর্থাৎ বার্ষিক ২ কোটি ইউরো (২০ মিলিয়ন ইউরো) পারিশ্রমিক দাবি করেছেন। এই অর্থের বিষয়ে জানতে চাওয়া হলে মালদিনি বলেন, “বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা এখনই কোনো নির্দিষ্ট আপডেট দিতে পারছি না।”

চলতি সপ্তাহের মধ্যেই নতুন কোচের নাম চূড়ান্ত করার চেষ্টা করছে এফআইজিসি। গুয়ার্দিওলা বা আনচেলত্তি ছাড়াও ইতালির সাবেক কোচ আন্তোনিও কোন্তে, রবের্তো মানচিনি এবং সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোর নাম ইতালির সম্ভাব্য নতুন কোচের তালিকায় জোরালোভাবে উঠে আসছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading