এমএলএস অল-স্টার ম্যাচ থেকে ছাড় পেলেন মেসি

এমএলএস অল-স্টার ম্যাচ থেকে ছাড় পেলেন মেসি

উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ জুলাই, ২০২৬, আপডেট ১১:৩৭

বিশ্বকাপ ফাইনাল শেষে দীর্ঘ ক্লান্তিকর মৌসুম বিবেচনায় আগামী সপ্তাহের মেজর লিগ সকার অল-স্টার গেমে লিওনেল মেসির অংশগ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে না। শনিবার এমএলএস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ইন্টার মায়ামির এই মহাতারকাকে অল-স্টার প্রদর্শনীতে না খেলার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

সাধারণত এমএলএস অল-স্টার গেমে মনোনীত খেলোয়াড়দের অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং চোট ছাড়া বাদ পড়ার উপায় থাকে না। তবে চলতি মৌসুমে বিশ্বকাপের কারণে সাত সপ্তাহের বিরতি থাকায় আগেভাগেই খেলোয়াড় সংস্থার সাথে চুক্তি করে নেয় এমএলএস।

এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানায়, “২০২৬ মৌসুম শুরুর আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, বিশ্বকাপের শেষপর্যায়ে পৌঁছানো খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে ক্লাবগুলো তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সেই সমঝোতার ভিত্তিতেই রদ্রিগো দে পল এবং লিওনেল মেসিকে ২০২৬ এমএলএস অল-স্টার গেম থেকে ছাড় দেওয়া হয়েছে।”

গত রবিবারে নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরেছিল মেসির আর্জেন্টিনা। ওই ম্যাচে খেলেছিলেন দে পলও।

গত বছর অল-স্টার গেমে অংশ না নেওয়ার শেষ মুহূর্তে সিদ্ধান্তের কারণে মেসি এবং তাঁর তৎকালীন মায়ামি সতীর্থ জর্দি আলবাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল এমএলএস, যা নিয়ে বেশ চটেছিলেন ইন্টার মায়ামির সহ-মালিক জোর্জে মাস। তবে এবার লিগ কমিশনার ডন গার্বারের প্রতিশ্রুতি অনুযায়ী নীতিতে নমনীয়তা এনে আগেভাগেই এই সিদ্ধান্ত নেওয়া হলো।

আগামী বুধবার নর্থ ক্যারোলিনার শার্লটে আয়োজিত এই অল-স্টার গেমে এমএলএস-এর সেরা তারকারা মুখোমুখি হবেন মেক্সিকোর লিগা-এমএক্স অল-স্টারদের বিরুদ্ধে। মেসির অনুপস্থিতিতে এমএলএস দলের হয়ে মাঠে মাতাবেন লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিন, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের টমাস মুলার এবং স্বাগতিক দল শার্লটের ইউএসএ অধিনায়ক টিম রিম।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading