সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ জুলাই, ২০২৬, আপডেট ১৪:৪৮

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) রূপরেখা ও সার্বিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় হট্টগোল ও শিক্ষকদের ওয়াকআউটের ঘটনা ঘটেছে।

ররিবার (২৬ জুলাই) ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নাজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের উপস্থিতিতে সভা চলাকালে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

সভা শুরু হওয়ার পরপরই বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য ও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শিক্ষকরা আসন ত্যাগ করে সভাকক্ষ থেকে বেরিয়ে যান।

এ সময় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে শিক্ষকদের ফিরে আসার আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। তিনি বলেন, ‘সম্মানিত শিক্ষকরা, আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলছি। আপনারা রয়েছেন, আমরা আপনাদের সম্মান জানিয়ে বলছি, আপনারা সামনে আসুন, আমরা কথা বলব।’

তিনি আরও বলেন, ‘যে সমস্ত শিক্ষক আছেন, তাদেরকে আমি অনুরোধ করছি—আপনারা সামনে এসে বসুন। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা সামনে বসুন, প্লিজ, প্লিজ বসুন, শিক্ষকরা বসুন। শিক্ষকদের কথাও শুনব।’

ঢাকা কলেজের অধ্যক্ষকে উদ্দেশ্য করে উপাচার্য বলেন, ‘শিক্ষকরা যারা চলে গেছেন, তারা ভুল মেসেজ পেয়েছেন। এই মেসেজটা ঠিক নয়। শিক্ষার্থীরা আজকে কথা বলুক, যেহেতু তারা আন্দোলনের ডাক দিয়েছে। সকল সংগঠন যারা আছে—সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন—তারা কথা বলুক, তাদের বক্তব্যগুলো দেখুক, তারপর শিক্ষকদের কথা বলার জন্য আহ্বান জানাবো। আপনাদের জন্য কয়েক ঘণ্টা সময় নিয়ে আসছি, এমন তো না যে আধা ঘণ্টার মধ্যে মিটিং শেষ করছি।’

পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘এই যে এখন সিনারিওটা হলো, এই সিনারিওটা আসলে আমাদের জন্য খুব একটা পজিটিভ হয়নি। অধ্যক্ষ মহোদয়, আপনার মাধ্যমে ঢাকা কলেজের সম্মানিত শিক্ষকরা যারা ইনস্ট্যান্টলি রিঅ্যাক্ট করেছেন, তাদেরকে আমি অনুরোধ করব এখানে এসে বসে তাদের কথা বলুন, শুনুন। আজকে ইনস্ট্যান্ট আমরা সমাধান দিচ্ছি না। উভয় পক্ষের কথা শুনে আমরা মন্ত্রণালয়ে যাব।’

এর আগে, রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ২০২৬ সালে দেশের ৫৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর গত ১০ এপ্রিল জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টির আইন পাস হয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading