গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা
উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ জুলাই, ২০২৬, আপডেট ১৪:১৫
নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নিরাপদ পানি সরবরাহ এবং বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।
রবিবার (২৬ জুলাই) দুপুরে গাজীপুর নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় বাজেট উপস্থাপন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা মিজ তিনজিলা খানম। অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি করপোরেশনের সচিব, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের সচিব ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা। এর বিপরীতে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।
আয়ের খাতগুলোর মধ্যে রয়েছে- প্রারম্ভিক স্থিতি ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা, রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাতে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা।
অন্যদিকে ব্যয়ের মধ্যে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানভিত্তিক উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব রাজস্বভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
বাজেটে উল্লেখ করা হয়েছে, অর্থবছর শেষে গাজীপুর সিটি করপোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।
এদিকে, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা। ওই অর্থবছরের সমাপনী স্থিতি ধরা হয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা।
বাজেট উপস্থাপনায় জানানো হয়, নগরের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সড়ক ও অবকাঠামো নির্মাণ, পানি সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন এবং বৈদেশিক সহায়তাপুষ্ট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “এবারের বাজেট একটি জনকল্যাণমুখী বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গাজীপুরকে একটি ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ সিটিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”
ইউডি/কেএস

