গাজী নজরুলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত, কুশপুত্তলিকা দাহ

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত, কুশপুত্তলিকা দাহ

উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ জুলাই, ২০২৬, আপডেট ১৫:৫৩

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে টানা পঞ্চম দিনের মতো শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা তার প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেন।

রবিবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বাবলাতলা মোড় থেকে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

ঠিকাদার মো. শামসুদ্দোহা টুটুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হাফেজ মাওলানা মফিজুর রহমান, মো. রবিউল ইসলাম, আব্দুস সালাম, মফিজুল ইসলাম ও মো. রাসেল।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে শ্যামনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাদের দাবি, শুধু দল থেকে বহিষ্কার করাই যথেষ্ট নয়; বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ায় তার সংসদ সদস্য পদ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

বক্তারা আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধির নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হলে জনআস্থা ক্ষতিগ্রস্ত হয়। তাই এ ঘটনায় স্বচ্ছ তদন্ত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা গাজী নজরুল ইসলামের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তিনি দাবি করেছেন, ভিডিওতে থাকা নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং পুরো ঘটনাটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক সিদ্ধান্তে তাকে দল থেকে বহিষ্কার করে। এরপর থেকেই শ্যামনগরে তার পদত্যাগের দাবিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading