ঢাকা-নারিতা রুটে ফিরল বিমান

ঢাকা-নারিতা রুটে ফিরল বিমান

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ জুলাই, ২০২৬, আপডেট ১১:৩৫

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, ফ্লাইটটি যাতে আর কখনোই বন্ধ না হয়, সেজন্য ভবিষ্যতের চাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করা হবে।

এক বছর বন্ধ থাকার পর ঢাকা থেকে জাপানের নারিতা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইটটি জাপানের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে যায়। ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ১১টা ২৫ মিনিটে জাপানে পৌঁছানোর কথা।

সরকার আশা করছে, এই রুটে পুনরায় ফ্লাইট চালু হওয়ায় বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা এবং জনসম্পর্ক আরও শক্তিশালী হবে।

রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, “ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার প্রশ্নই আসে না।

“আশা করি, এবার রুটটি লাভজনক হবে এবং ইতোমধ্যে উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি ও পরবর্তী ফ্লাইটগুলোর বুকিংও সম্পন্ন হয়েছে। এতে জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।”

অনুষ্ঠানে জানানো হয়, প্রথম ফ্লাইটে গেছেন ১৪৩ জন যাত্রী। ফ্লাইট পরিচালনা করা হবে বোয়িং ৭৮৭ দিয়ে।

মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “আজকের ঢাকা-নারিতা ফ্লাইট আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে পারে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি।

“ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দুই দেশের অর্থনৈতিক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, “জাপানপ্রবাসী প্রায় ৪৫ হাজার বাংলাদেশি ছাত্র, শ্রমিক ও অভিবাসীদের কথা বিবেচনায় রেখে আমরা ফ্লাইটটি চালু করেছি।

“ফ্লাইটটি যাতে আর কখনোই বন্ধ না হয়, সেজন্য ভবিষ্যতের চাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করা হবে।”

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, “১৯৮০ সালে উড়োজাহাজ স্বল্পতা থাকা স্বত্বেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাপান বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার জন্য ঢাকা-নারিতা ফ্লাইট চালু করেছিলেন।

“আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ফ্লাইটটি যাত্রী সাধারণের জন্য পুনরায় চালু করলাম।”

এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটের উদ্বোধন করেন।

গত ২০ জুন এ রুটে ফ্লাইটের টিকেট বিক্রি শুরু হয়। আপাতত সপ্তাহে একটি করে ফ্লাইট চলবে।

মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ‘হজ ফ্লাইট, ব্যবসায়িক বাস্তবতা ও এয়ারক্রাফট স্বল্পতার’ কারণ দেখিয়ে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর আবারও চালু হলো এই রুট।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading