বিকেলে এনসিপির পদযাত্রা, সকালে সড়কে নাহিদ-হাসনাত-সারজিসের কুশপুত্তলিকা
উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ জুলাই, ২০২৬, আপডেট ১৮:১৬
মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের ছবি সংবলিত কয়েকটি কুশপুত্তলিকা বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদ ভবনসংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটি এবং পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসব কুশপুত্তলিকা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুশপুত্তলিকাগুলো উদ্ধার করে নিয়ে যায়।
কুশপুত্তলিকাগুলোতে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ কয়েকজন নেতার ছবি সংযুক্ত ছিল। এছাড়া কুশপুত্তলিকার গায়ে লেখা ছিল, ‘তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিল রসাতলে’ এবং ‘এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন’।
সোমবার বিকেলে গাংনী বাজার বাসস্ট্যান্ড চত্বরে এনসিপির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলটির নেতাদের ধারণা, ওই কর্মসূচিকে কেন্দ্র করেই ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে হাঁটতে বের হয়ে তারা বৈদ্যুতিক তারে ঝুলন্ত কুশপুত্তলিকাগুলো দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে সেগুলো উদ্ধার করে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী ও মেহেরপুর জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ বলেন, এনসিপির পদযাত্রাকে ঘিরে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। সেই পরিবেশ নষ্ট করতে একটি দুর্বৃত্ত চক্র মানুষের মধ্যে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের কাজ করেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই কুশপুত্তলিকাগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
ইউডি/রেজা

