৩ শর্তে লাইসেন্স ফেরত পেল আদ্-দ্বীন হাসপাতাল
উত্তরদক্ষিণ। সোমবার (২৭ জুলাই) ২০২৬, আপডেট ২০:৩০
শর্তসাপেক্ষে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। ফলে হাসপাতালটি পুনরায় কার্যক্রম পরিচালনা করতে পারবে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিল ও এর অধিকতর বিবরণীর বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। গত ১৫ জুলাই ওই কমিটিকে সরেজমিনে পরিদর্শনপূর্বক তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। তদন্ত কমিটির দাখিলকৃত সেই প্রতিবেদন ‘সন্তোষজনক’ হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে পুনরায় কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হলো।
তবে হাসপাতালের কার্যক্রম পরিচালনা তিনটি শর্ত জুড়ে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শর্তগুলো হলো—
১. ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ (The Medical practice and private Clinics and laboratories (Regulation) ordinance, 1982)-এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে।
২. লাইসেন্সের শর্ত অনুযায়ী, ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
৩. লাইসেন্সের শর্তাবলি প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
ইউডি/এবি

