স্পিকারের চিঠির অপেক্ষায় ইসি: চিঠি পেলেই গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, আপডেট ১৫:৫৮
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্যপদ নিয়ে রাজনৈতিক ও আইনি আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) তখনই ব্যবস্থা নেবে, যখন জাতীয় সংসদের স্পিকার আনুষ্ঠানিকভাবে কমিশনের কাছে বিষয়টি রেফার করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জুলাই) রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, গাজী নজরুল ইসলামের বিষয়টি নিয়ে ওই বৈঠকে কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, ‘আজ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে। সাতক্ষীরা-৪ আসনের বিষয়টি তারা আমাদের কাছে রেফার করলে তখন দেখা যাবে।’
সম্প্রতি এক নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে দলটির পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনের কাছে পৃথকভাবে লিখিত চিঠি পাঠানো হয়।
সিইসি জানান, বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্তের ভিত্তিতে সরাসরি কোনো সংসদ সদস্যের পদ নিয়ে ব্যবস্থা নিতে পারে না। এ ধরনের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নিতে হয়।
সংসদ সদস্যপদ বিরোধ নিষ্পত্তি আইন, ১৯৮০ অনুযায়ী, কোনো সংসদ সদস্যের পদ নিয়ে বিরোধ দেখা দিলে বিষয়টি প্রথমে জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে নির্বাচন কমিশনে উত্থাপন করতে হয়। এরপর নির্বাচন কমিশন সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও শুনানি গ্রহণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে।
সিইসি আরও বলেন, স্পিকারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানো হলে কমিশন প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। বর্তমানে স্পিকারের কাছ থেকে এ বিষয়ে কোনো রেফারেল পাওয়া যায়নি বলেও তিনি জানান।
ইউডি/রেজা

