বিগত সরকারের সময়ে পরিকল্পনাহীনভাবে কেনা হয়েছে চিকিৎসা সরঞ্জাম: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের সময়ে পরিকল্পনাহীনভাবে কেনা হয়েছে চিকিৎসা সরঞ্জাম: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ। বুধবার, ২৯ জুলাই, ২০২৬, আপডেট ১৩:৫২

বাড়তি বরাদ্দের মাধ্যমে জনগণের জন্য আরও সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় বর্তমান সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে পরিকল্পনাহীনভাবে চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে এবং হাসপাতালের বিভিন্ন ক্রয় কার্যক্রমে অতিরিক্ত ব্যয় ও অনিয়মের ঘটনা ঘটেছে। মন্ত্রী আরও বলেন, ২০২০ সালের পর দেশে হাম প্রতিরোধে কার্যকর কোনো টিকাদান কর্মসূচি পরিচালিত হয়নি। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারও সরকারি ব্যবস্থাপনায় টিকা সংগ্রহ না করে বেসরকারি উপায়ে কেনার উদ্যোগ নিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

এসময় তিনি স্বাস্থ্যখাতে চলতি বাজেটে বরাদ্দ বেড়েছে উল্লেখ করে বলেন, উপজেলা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল, সব পর্যায়ের স্বাস্থ্যসেবায় অবকাঠামো ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে ফিজিওথেরাপি, প্যাথলজি ও আইসিইউ সুবিধা যুক্ত করা হবে।

এছাড়া প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগীদের জন্য ৫০ শয্যার ডায়ালাইসিস ইউনিট এবং উপজেলা হাসপাতালগুলোতে ১০টি করে ডায়ালাইসিস বেড স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading