এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘অ্যানি’

এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘অ্যানি’

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, আপডেট ০৮:২০

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পর এবার দেশের দর্শকদের ঘরে পৌঁছাতে প্রস্তুত বহুল আলোচিত মিনি সিরিজ ‘অ্যানি’। গুণী নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ও তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষির এই যৌথ সৃষ্টিটি খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ।

জার্মানির মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর “উইমেন ইন সিরিজ” বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ও প্রদর্শিত হয়েছিল ‘অ্যানি’। আন্তর্জাতিক এই স্বীকৃতি অর্জনের পর সিরিজটি দেশে মুক্তির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুন) ‘আইস্ক্রিন’-এর প্রধান কার্যালয়ে নির্মাতা ও প্রযোজকদের উপস্থিতিতে চুক্তিটি সম্পন্ন হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সিরিজের নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ, প্রযোজক এহসানুল হক বাবু, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী ও তানভীর হোসেনসহ অন্যান্য কলাকুশলীরা।

আন্তর্জাতিক সফর শেষে দেশীয় দর্শকদের মুখোমুখি হওয়া নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে প্রযোজক এহসানুল হক বাবু বলেন, “সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল পেরিয়ে এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছেও সিরিজটি পৌঁছে দিতে পারছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা বিশ্বাস করি, দর্শক ‘অ্যানি’র গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ে ভিন্ন এক অভিজ্ঞতা উপভোগ করবেন।”

সিরিজটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু ও নাজাহসহ একঝাঁক তারকাকে।

এর আগে গত ৯ জুন জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এ ‘অ্যানি’র বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। শুধুমাত্র ওয়েব সিরিজের জন্য নিবেদিত এই এক্সক্লুসিভ উৎসবে এবারই প্রথম বাংলাদেশের কোনো সিরিজ প্রদর্শিত হওয়ার বিরল গৌরব অর্জন করল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading