অনুমোদন ছাড়াই চলছিল প্যারাসেইলিং, পর্যটকের মৃত্যুর পর বললেন ডিসি

অনুমোদন ছাড়াই চলছিল প্যারাসেইলিং, পর্যটকের মৃত্যুর পর বললেন ডিসি

উত্তরদক্ষিণ। শনিবার (০১ আগস্ট) ২০২৬, আপডেট ২৩:২০

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে আকাশ থেকে সমুদ্রে পড়ে এক পর্যটক নিহত হয়েছেন।

জেলা প্রশাসন দাবি করেছে, সৈকতে পরিচালিত ওই প্যারাসেইলিং কার্যক্রমের কোনো অনুমোদন ছিল না।

শনিবার দুপুরে দরিয়ানগর সৈকতে দুর্ঘটনায় নিহত হন খুলনার বাসিন্দা শৌভিক রায়। তিনি নয় সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

দুর্ঘটনার পর কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান সাংবাদিকদের বলেন, “প্যারাসেইলিংয়ের কোনো অনুমোদন আমরা জেলা প্রশাসন থেকে দেইনি। আমরা অনেকবারই এগুলো বন্ধ করেছি। পর্যটনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচ কর্মীরা গত সোমবারও ওই এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।

“কারণ, বর্ষাকালে সাধারণত সমুদ্র উত্তাল থাকে, আবহাওয়া খারাপ থাকে। খুব ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়। আমরা বন্ধ করে দিয়েছিলাম। তারপরও আমাদের অগোচরে যে প্রতিষ্ঠান আজকে পর্যটক তুলেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, “পর্যটকরা কক্সবাজারে আনন্দ করতে আসেন। এখানে যেন কোনো দুঃখজনক বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, কোনো পর্যটকের প্রাণহানি না হয়, সেটিই আমরা চাই। এজন্য অবশ্যই শক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।”

স্থানীয়রা বলেন, দরিয়ানগর এলাকায় বেশ কয়েকটি স্থানে প্যারাসেইলিং কার্যক্রম চলে। দুপুরে খুলনার পর্যটক শৌভিক রায় তাতে চড়েছিলেন। কিন্তু একপর্যায়ে তিনি আকাশ থেকে সমুদ্রে পড়ে যান। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading