১৫ টাকায় ৩০ কেজি চাল: খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধা পাচ্ছেন ৫৫ লাখ পরিবার

১৫ টাকায় ৩০ কেজি চাল: খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধা পাচ্ছেন ৫৫ লাখ পরিবার

উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ আগস্ট, ২০২৬, আপডেট ১১:৫৩

সারা দেশে গত ১ আগস্ট থেকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে। এর আওতায় ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী ৬ মাস (আগস্ট- নভেম্বর ও মার্চ এবং এপ্রিল) পর্যন্ত প্রতি কেজি ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বরাদ্দ পাবেন।

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মাভাবকালীন সময়ে নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় এই চাল বিতরণ শুরু করেছে।

সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি মোকাবিলা, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নে এই কর্মসূচির আওতায় বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টি চাল এবং ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মাঝে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্রের (দোকান/ট্রাক) মাধ্যমে ওএমএস কর্মসূচির আওতায় সারা দেশে নিয়মিত চাল ও আটা বিতরণ অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে দেশে অতীতের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি খাদ্য মজুত রয়েছে এবং খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। ২০২৬ সালের ২ আগস্ট খাদ্য মজুতের পরিমাণ ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন (চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন ধানকে চালে রূপান্তর করা হয়েছে)।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading