শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পানিতে ডুবে কৃষকর মৃত্যু
উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ আগস্ট, ২০২৬, আপডেট ১৭:৫৯
সাতক্ষীরার শ্যামনগরে পৃথক দুটি দুর্ঘটনায় এক গৃহবধূ ও এক কৃষকর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে পানিতে ডুবে এবং দুপুরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামের কৃষ্ণপদ বৈদ্য (৫০) চাষাবাদের কাজে মাঠে যাওয়ার পথে অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কৃষ্ণপদ বৈদ্য ওই গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।
অন্যদিকে, একই দিন দুপুর ১টার দিকে উপজেলার ধুমঘাট মটেরচক গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম বলেন, খায়রুন্নেছা বাড়ির পাশের খেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইউডি/রেজা

