বেনাপোল বন্দরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আজ আমদানি-রপ্তানি বন্ধ
উত্তরদক্ষিণ। বুধবার, ০৫ আগস্ট, ২০২৬, আপডেট ১৪:০৯
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সকাল থেকে বন্ধ রয়েছে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম। তবে বাণিজ্য বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।
বেনাপোল আমদানি, রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি হচ্ছে না। বন্ধ রয়েছে কাস্টমস ও বন্দরের কার্যক্রম।
তবে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে এবং কাস্টমস ও বন্দরের কার্যক্রম চলবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বেনাপোল বন্দর দিয়ে বুধবার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবসে সরকারি ছুটি থাকায় বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ইন্ডিয়ান খালি ট্রাক ফিরে যেতে পারছে।
উল্লেখ্য, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ইন্ডিয়া থেকে ২৫০ থেকে ৩০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়ে থাকে। ইন্ডিয়ায় রপ্তানি হয় ৫০ থেকে ১০০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ১৫ কোটি টাকা।
ইউডি/রেজা

