রাষ্ট্রপতি পদে প্রার্থী: কিছুই জানেন না মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ। রবিবার (০৯ আগস্ট) ২০২৬, আপডেট ২৩:৫৫
সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশটির পরবর্তী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হতে পারে বলে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এবং বিষয়টি তার জানা নেই বলে জানিয়েছেন মির্জা ফখরুল নিজেই।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় একটি গণমাধ্যম মির্জা ফখরুলকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। বিষয়টি আমার নলেজে নেই।’
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপির একটি সূত্র জানিয়েছে, ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে দলটির প্রথম পছন্দ হিসেবে আলোচনায় রয়েছেন মির্জা ফখরুল।
ইউডি/এবি

