তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ বাড়ানোর তাগিদ ক্রীড়ামন্ত্রীর
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, আপডেট ১৫:০৫
দেশের সবচেয়ে বড় শক্তি তারুণ্য। এই তারুণ্যকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হক।
শুক্রবার (১৪ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে এ আহ্বান জানান তিনি। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান মন্ত্রী।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে এফডিসিতে আয়োজন করা হয় ‘দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সম্পৃক্ততা’ শীর্ষক ছায়া সংসদ। সেখানে উঠে আসে তরুণদের সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা দিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন যুব ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হক। তিনি আরও বলেন, শুধু সরকারি উদ্যোগে নয়, যুবশক্তিকে কাজে লাগাতে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।
প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন মন্ত্রী। আর্ন প্রজেক্টসহ বিভিন্ন উদ্যোগকে কাজে লাগিয়ে যুবদের প্রশিক্ষণ এবং কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে সম্পৃক্ত করে তারুণ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর ওপরও জোর দেন মন্ত্রী।
ছায়া সংসদের সভাপতিত্বের বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমান সরকার কর্মমুখী শিক্ষার গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। তারুণ্যের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং দেশের উন্নয়নে যুবশক্তির ভূমিকা নিয়ে দুই দলের বিতার্কিকদের যুক্তি-পাল্টা যুক্তিতে জমে ওঠে প্রতিযোগিতা। শেষ পর্যন্ত বিতর্কে ‘হ্যাঁ’ পক্ষ জয়ী হয়ে বিজয়ের মুকুট ওঠে সরকারি দলের মাথায়।
ইউডি/রেজা

