সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ মৃতের সংখ্যা বেড়ে ৯
উত্তরদক্ষিণ। শুক্রবার (১৪ আগস্ট) ২০২৬, আপডেট ২৩:৫৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার রাত ১০টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, রাতে একটি বেসরকারি হাসপাতালে মতিউর রহমান (১৯) নামে একজন মারা গেছেন। তার মরদেহ এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়নি।
“চমেক হাসপাতালে ৮ জনের মরদেহ আছে।”
এছাড়া চমেক হাসপাতাল, নগরী ও সীতাকুণ্ডের কয়েকটি হাসপাতালে মোট ৭ জন আহত অবস্থায় চিকিৎসাধীন বলে তথ্য দিয়েছেন তিনি।
অন্য নিহতরা হলেন- সানি জলদাস (২৩), পলাশ জলদাস (৩৫), হাবিবুর রহমান (৫১), মোহাম্মদ মনসুর (৫৫), নাসির উদ্দিন (৫১), আবদুল আলীম (৩৬), রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৩)। এর মধ্যে সানি, পলাশ, হাবিবুর, মনসুর ও নাসির ভাটিয়ারীর বাসিন্দা। তাদের মধ্যে মনসুর ও নাসির দুই ভাই।
এছাড়া খোকন ও রানার বাড়ি গাইবান্ধা জেলায় এবং আবদুল আলীমের বাড়ি পাবনা জেলায়।
ভাটিয়ারি স্টেশন রোডে শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে শুরুতে ৩ জন নিহত ও কয়েকজন আহত হওয়ার তথ্য দিয়েছিল ফায়ার সার্ভিস ও পুলিশ। পরে নিহতের সংখ্যা বাড়তে থাকে।
ইউডি/এবি

