দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফের আইপিএলে খেলতে চান ব্রুক
উত্তরদক্ষিণ। শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, আপডেট ১২:২০
দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে চান ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটিকে দুর্দান্ত অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আইপিএলে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
আইপিএল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে ব্রুক বলেন, ‘আইপিএল একটি দুর্দান্ত টুর্নামেন্ট এবং এটি দারুণ এক অভিজ্ঞতা। একটি মৌসুম খেললে একজন ভালো খেলোয়াড় হিসেবেই ফেরা যায়। এটি এমন একটি প্রতিযোগিতা, যার অংশ হওয়াটা দারুণ ব্যাপার। ভবিষ্যতে আমি এটি নিয়ে অবশ্যই ভাবব।’
আইপিএলে দল পেয়েও একাধিকবার টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় ব্রুককে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০২৪ সালের আসরের আগে দিল্লি ক্যাপিটালস ৪ কোটি রুপিতে ব্রুককে দলে নেয়। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই নাম প্রত্যাহার করে নেন তিনি। এরপর ২০২৫ আসরের আগে ৬ কোটি ২৫ লাখ রুপিতে আবারও তাকে দলে নেয় দিল্লি। এবার আন্তর্জাতিক ব্যস্ততার কথা জানিয়ে সরে দাঁড়ান ব্রুক। এরপরই তার ওপর দুই বছরের নিষেধাজ্ঞা দেয় বিসিসিআই।
এর আগে, ২০২৩ সালে আইপিএলে অভিষেক হয় ব্রুকের। সে সময় ১৩ কোটি ২৫ লাখ রুপির রেকর্ড মূল্যে তাকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ১১ ম্যাচে ১৯০ রান করেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৫৫ বলে ১২টি চার ও ৩টি ছক্কায় ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ইংলিশ এই ব্যাটার। তবে পুরো আসরে ধারাবাহিকতা দেখাতে পারেননি।
আইপিএলের নিলামে দল পাওয়ার পর বারবার সরে দাঁড়ানোর বিষয়ে ব্রুক জানিয়েছিলেন, ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটই তার প্রধান অগ্রাধিকার। সে সময় দ্য হান্ড্রেড ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে না খেলার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, বর্তমানে দ্য হান্ড্রেডে সানরাইজার্স লিডসের হয়ে খেলছেন ব্রুক। এবারের আসরে ৮ ম্যাচে ১৮৭ স্ট্রাইক রেটে ২০৫ রান করেছেন তিনি। তার সর্বোচ্চ ইনিংস ৫৫ রানের।
ইউডি/কেএস

