ইইউর পোশাক বাজারে ধস, ছয় মাসে রফতানি কমলো পৌনে ১৭ শতাংশ
উত্তরদক্ষিণ। শনিবার (১৫ আগস্ট) ২০২৬, আপডেট ২২:৪০
ইউরোপের পোশাকের বাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যে পরিমাণ পোশাক আমদানি করেছে, তার মূল্য কমেছে প্রায় ১০ শতাংশ। একইসঙ্গে আমদানির পরিমাণ ও পোশাকের গড় দাম—দুটিই কমেছে।
আর এই সংকুচিত বাজারে বাংলাদেশের পোশাক রফতানির পতন হয়েছে আরও বেশি। জানুয়ারি-জুন সময়ে ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ।
ইউরোস্ট্যাটের তথ্য বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলনে দেখা যায়, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ইইউ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪১ দশমিক ১০ বিলিয়ন ইউরোর পোশাক আমদানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ আমদানি কমেছে ৯ দশমিক ৭০ শতাংশ। অর্থাৎ ইউরোপের বাজারে পোশাকের চাহিদা ও কেনাকাটার প্রবণতা—দুটিই এখন চাপে রয়েছে।
অপরদিকে, একই সময়ে বাংলাদেশ থেকে ইইউতে পোশাক রফতানি নেমে এসেছে ৮ দশমিক ৬৪ বিলিয়ন ইউরোতে। গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ। ফলে ইইউর সামগ্রিক বাজার যতটা সংকুচিত হয়েছে, বাংলাদেশের রফতানি কমেছে তার চেয়ে প্রায় দ্বিগুণ হারে।
এই ব্যবধানই বাংলাদেশের পোশাক খাতের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।
ইউডি/এবি

