কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, আপডেট ১২:৪৮
কলকাতার নিউমার্কেট এলাকার হোটেল ‘শিখা ইন’ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির লিজ-হোল্ডার আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় তদন্তকারী দল। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে খবর, এন্টালি থানা মেন মার্কেট থেকে আবু জাফরকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি জোড়াসাঁকো এলাকায়। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির পরিচালন ব্যবস্থা, লিজ সংক্রান্ত নথি এবং নিরাপত্তা ব্যবস্থার একাধিক দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই তদন্তের সূত্র ধরেই আবু জাফরের ভূমিকা সামনে আসে বলে পুলিশ সূত্রে খবর ।
তদন্তের স্বার্থে আরও দুজন হোটেলকর্মীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তাদের মধ্যে একজন পাশ্ববর্তী ‘যাপন’ নামক হোটেলের ম্যানেজার, অন্যজন ওই হোটেলেরই এক কর্মী। ‘যাপন’ হোটেলেরও লিজ হোন্ডার আবু জাফর।
উল্লেখ্য, বুধবার ভোর রাতে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেল ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ছয় পুরুষ, দুই নারী ও এক শিশুর মৃত্যু হয়। নিহতদের ৯ জনের মধ্যে ৭ জন বাংলাদেশের নাগরিক ও দুজন ইন্ডিয়ান নাগরিক।
প্রাথমিকভাবে জানা যায়, এসি বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন হোটেলের অন্তত চারটি রুমে ছড়িয়ে পড়ে। আগুনের সঙ্গে পাল্লা দিয়ে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। সেই ধোঁয়াতেই অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
ঘটনার তদন্তে লালবাজারের তরফে বিশেষ তদন্তকারী দল বা সিট স্পেশাল ইনভেস্টিগেটিভ গঠন করা হয়েছে। তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট)। অগ্নিকাণ্ডের উৎস থেকে শুরু করে বিল্ডিংয়ের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সব দিক খতিয়ে দেখছে সিট।
ঘটনার জেরে স্বতঃপ্রণৌদিত মামলা দায়ের করেছে নিউ মার্কেট থানা। অনিচ্ছাকৃত খুনের ধারা (১০৫ বিএনএস), অপরাধমূলক ষড়যন্ত্রের (৬১ বিএনএস) এবং সমবেতভাবে অপরাধ (৩/৫ বিএনএস) ধারায় এই মামলা দায়ের করা হয়েছে। দমকলের তরফ থেকেও পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।
ইউডি/রেজা

