বেশি দামে সার বিক্রি ও মজুত, ডিলারকে লাখ টাকা জরিমানা

বেশি দামে সার বিক্রি ও মজুত, ডিলারকে লাখ টাকা জরিমানা

উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, আপডেট ১৬:১৪

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুত রাখার অপরাধে এক খুচরা ডিলারকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঝিলিম ইউনিয়নের হোসেনডাংগা এলাকায় ‘মেসার্স ইসলাম ট্রেডার্স’ নামে একটি খুচরা সারের দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

দণ্ডপ্রাপ্ত ডিলারের নাম মো. নুর ইসলাম (৫০)। তিনি ওই এলাকার মো. নুরফস আলীর ছেলে।

অভিযান পরিচালনাকারী দল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে মেসার্স ইসলাম ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেখানে অতিরিক্ত মূল্যে রাসায়নিক সার বিক্রির সময় হাতেনাতে প্রমাণ মেলে। এছাড়া দোকানটিতে অবৈধভাবে মজুত রাখা ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি এবং ৪৫ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়। সার নিয়ন্ত্রণ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অপরাধ স্বীকার করায় দোকান মালিক মো. নুর ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

উদ্ধারকৃত সারগুলো সাধারণ কৃষকদের মাঝে সরকার নির্ধারিত সঠিক মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। বিক্রয়লব্ধ সমুদয় অর্থ পরবর্তীতে দোকান মালিককে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব প্রদান করা হয়েছে ঝিলিম ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে।

উপজেলা প্রশাসন আয়োজিত এই অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন সদর উপজেলা কৃষি বিভাগ এবং সদর মডেল থানা পুলিশের একটি টিম।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ইকরামুল হক নাহিদ জানান, সার বাজারের বিশৃঙ্খলা রোধ ও নির্ধারিত মূল্যে কৃষকদের সার সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading