পঞ্চগড়ে শিয়ালের আক্রমণে আহত ৭

পঞ্চগড়ে শিয়ালের আক্রমণে আহত ৭

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, আপডেট ১২:৪৫

পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে সাতজন আহত হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে আহত ব্যক্তিরা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার জগদল সর্দারপাড়া, যমভিটা, দেওয়ানহাট সাইরুল মার্কেটসহ বিভিন্ন এলাকায় পৃথকভাবে শিয়ালের আক্রমণের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮), মনিরা (৪০), যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়াপাড়া এলাকার জয়নাল (৩৫)।

আহত ব্যক্তি ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে বিভিন্ন সড়কে অবস্থান ও গল্পগুজব করার সময় হঠাৎ শিয়ালগুলো তাদের ওপর হামলা চালায়। কয়েকজনের হাত, পা ও কোমরে কামড়ের ক্ষত হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের শরীরে একাধিক ক্ষত থাকায় ক্ষতের ধরন অনুযায়ী তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোখলেছুর রহমান বলেন, শিয়ালের আক্রমণে আহত সাতজন হাসপাতালে এসেছিলেন। তাদের প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading