প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

উত্তরদক্ষিণ। বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, আপডেট ১৭:১৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ্য নেতৃত্বে দেশের পুরো শিক্ষা কাঠামোকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে দক্ষ, আধুনিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার ভিত্তিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রধান শিক্ষকদের সঙ্গে আয়োজিত ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন। সভায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. আবুল আমিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (আইএমডি) মোহাম্মদ শহিদুল ইসলাম।

সভায় শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জনে শতভাগ ভর্তি নিশ্চিত করা, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো, সময়মতো সিলেবাস সম্পন্ন করা এবং বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া রোধের বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।

এ ছাড়া কোমলমতি শিশুদের পুষ্টির চাহিদা পূরণ এবং তাদের বিদ্যালয়ে নিয়মিত ও উৎসাহিত রাখতে স্কুল ফিডিং কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা বলেন, পুষ্টি ও শিক্ষার সমন্বিত বাস্তবায়নের মাধ্যমে শিশুদের সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশ সম্ভব।

উল্লেখ্য, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ প্রকল্পের আওতায় দেশের ৬২টি জেলার ১৫০টি উপজেলায় ইতোমধ্যে এ কার্যক্রম চালু রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি প্রাথমিক শিক্ষায় উপস্থিতি ও অংশগ্রহণও বাড়ছে।

সভায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে স্কুল ফিডিং কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত অতিথিরা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading