আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২, আহত ৫৪
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, আপডেট ১৪:২৯
উত্তর-পূর্ব আলজেরিয়ার বিভিন্ন এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছেন। আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা থেকে কয়েক ডজন পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ জানান, জিজেল, বেজাইয়া ও তিজি উজু প্রদেশে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে জিজেলে ৫ জন, বেজাইয়ায় ৪ জন এবং তিজি উজুতে ৩ জন মারা গেছেন।
বেজাইয়ার একটি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে মন্ত্রী জানান, ৫৪ জন আগুনে পুড়ে বা ধোঁয়ায় অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বুধবার সারা দেশে ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে বেজাইয়া প্রদেশেই ৩৬টি আগুনের ঘটনা ঘটে। ১৮টি আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও সেখানে এখনো আগুন নেভানোর কাজ চলছে। দমকল বাহিনী স্কিকদা, এল তারফ, বুইরা, তিজি উজু ও তেবেসা প্রদেশের বেশিরভাগ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
তবে বেজাইয়া ও জিজেলের কিছু এলাকায় এখনো আগুন জ্বলছে।
আগুনের কারণে অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘন ধোঁয়ার কারণে বাসিন্দারা একটি ডাকঘরে আশ্রয় নিয়েছেন। তীব্র গরমের সময় আলজেরিয়ায় প্রায়ই ভয়াবহ দাবানল হয়। তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া ও শক্তিশালী বাতাসের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে দাবানলের ঝুঁকিও বেড়েছে।
ইউডি/রেজা

