কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’
উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, আপডেট ০৯:২০
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘টাইটান ট্রিগারফিশ’। শনিবার (২৯ আগস্ট) সকালে প্রায় ৯০০ গ্রাম ওজনের মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন জেলেরা। গভীর সমুদ্রে মো. খবির মাঝি নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
খবির মাঝি জানান, দীর্ঘকাল সাগরে মাছ ধরলেও এমন মাছ তিনি আগে কখনো দেখেননি। স্থানীয় জেলেদের কাছে এটি ‘চামড়া মাছ’ নামে পরিচিত। ভিন্ন গড়নের কারণে প্রথমে জেলেরা মাছটি চিনতে পারেননি। পরে বিষাক্ত হওয়ার শঙ্কায় কেউ এটি কিনতেও আগ্রহ দেখাননি।
এ বিষয়ে ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, এটির বৈজ্ঞানিক নাম টাইটান ট্রিগারফিশ (Balistoides viridescens)। পিঠের শক্তিশালী কাঁটা, বড় দাঁত ও শক্ত চোয়াল এর প্রধান বৈশিষ্ট্য।
তিনি আরও জানান, প্রবালপ্রাচীরের বাস্তুতন্ত্র ও খাদ্যজালের ভারসাম্য রক্ষায় মাছটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রজনন মৌসুম ছাড়া এটি সাধারণত মানুষের প্রতি আক্রমণাত্মক নয়। বিশ্বের কিছু অঞ্চলে মাছটি খাদ্য হিসেবে ব্যবহার করা হলেও, এতে ‘সিগুয়াটেরা’ নামক বিষক্রিয়ার ঝুঁকি থাকতে পারে। তাই এটি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।
ইউডি/কেএস

