দুই ঘণ্টা আগেই খুলল কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬ গেট
উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, আপডেট ০০:০০
পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই হ্রদে নির্মিত জলবিদ্যুৎকেন্দ্রের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছে। শনিবার রাত ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে।
পানি ছাড়ার সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল প্রায় ১০৫.৯৮ ফুট এমএসএল। যা বিপৎসীমার কাছাকাছি। যদিও রাত ১০টার দিকে গেট খোলার কথা ছিল। কিন্তু হঠাৎ পানির উচ্চতা আরও বেশি বৃদ্ধি পাওয়ায় রাত ৮টায় গেটগুলো খুলে দেওয়া হয়। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে কেন্দ্রের ব্যবস্থাপক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃষ্টি আর পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। দুপুর ২টায় পানির উচ্চতা ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল থাকায় রাত ১০টায় পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সন্ধ্যা নামতেই কাপ্তাই হ্রদের পানি আরও বেশি বৃদ্ধি পাওয়া সিদ্ধান্ত পরিবর্তন করে কর্তৃপক্ষ।
হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। কিন্তু বর্তমানে হ্রদে পানি রয়েছে ১০৫.৯৮ ফুট যা একেবারে বিপৎসীমার কাছাকাছি।
বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।
ইউডি/কেএস

