কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, আপডেট ১৭:১৮

কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রাবেয়া (৫০), মিলন মিয়া (৩৫) ও জারা মনি (৫)। তাদের মধ্যে মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান।
তারা সবাই হবিগঞ্জ জেলার বাসিন্দা।

পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হবিগঞ্জের কয়েকজন ব্যক্তি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক রোগীকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ফেরার পথে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কটিয়াদীর আচমিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এসময় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাবেয়া ও জারা মনিকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. শাহরিয়ার বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে আরও ২ জন মারা যান। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দুর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading