কবে থেকে আমানত ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা?
উত্তরদক্ষিণ। সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, আপডেট ২৩:৫৫
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি হিসাবের গ্রাহকদের আমানতের মূল টাকা ফেরত দেওয়া শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে। প্রাথমিকভাবে গ্রাহকেরা তাদের হিসাবের জমা সম্পূর্ণ মূল অর্থ এককালীন উত্তোলন বা নগদায়ন করতে পারবেন। তবে এ অর্থের ওপর কোনো মুনাফা পাবেন না তারা। এ জন্য আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে ব্যাংকের শাখাগুলোতে আবেদন গ্রহণ শুরু হবে।
ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সব বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও অপারেশনসের প্রধান সমন্বয়ক এ এফ সাব্বির আহমদ স্বাক্ষরিত ওই নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন পুনরায় চালুর কথা রয়েছে। তবে শাখা ও উপশাখাগুলোতে নগদ অর্থের চাহিদাপত্র পাঠানো, বাংলাদেশ ব্যাংক থেকে নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাশ ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে কয়েক দিন সময় লাগবে। এ কারণে ৭ সেপ্টেম্বর থেকে আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম পুরোপুরি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং বিভিন্ন মেয়াদি হিসাব—যেমন এমটিডিআর ও ডিপিএস—থেকে গ্রাহকেরা তাদের জমা করা মূল টাকা উত্তোলন করতে পারবেন।
ইউডি/এবি

