হরমুজে নৌবাহিনী পাঠাতে প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

হরমুজে নৌবাহিনী পাঠাতে প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১২:৩৩

হরমুজ প্রণালিতে নৌবাহিনী মোতায়েনের বিষয়ে ‘চূড়ান্ত ও বাস্তব প্রস্তুতি’ শুরু করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সম্প্রচারমাধ্যম এসবিএসকে এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে নৌবাহিনী পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রস্তাবিত এই মোতায়েন পরিকল্পনায় পি-৮ সামুদ্রিক টহল বিমান, বিস্ফোরক নিষ্ক্রিয়করণে দক্ষ একটি বিশেষ দল এবং একটি রসদ সহায়তা জাহাজ রাখার কথা রয়েছে।

এর আগে দক্ষিণ কোরিয়ার সরকার জানিয়েছিল, আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পর হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের বিষয়টি তারা বিবেচনা করবে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সেই প্রস্তুতি এখন আরও এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে অংশ না নেওয়ায় সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পরিসরও কমিয়ে দেওয়া হয়।

এসবিএসকে আরেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার বাহিনী কোথায় অবস্থান করবে এবং কোন বন্দর ব্যবহার করবে, তা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।

তবে হরমুজে নৌবাহিনী পাঠানোর আগে দক্ষিণ কোরিয়াকে কয়েকটি আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত, মন্ত্রিসভার অনুমোদন এবং জাতীয় পরিষদের সম্মতি প্রয়োজন হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ হরমুজ প্রণালি। সেখানে সামরিক উত্তেজনা বাড়লে শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারেও এর বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading