পরীক্ষা ছাড়া বেসরকারি ব্যাংকে নিয়োগ বন্ধ
উত্তরদক্ষিণ। সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ২৩:০০
বেসরকারি ব্যাংকে এখন থেকে লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়া এন্ট্রি পদে (প্রবেশিকা পর্যায়) নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া যাবে না। একই সঙ্গে নিয়োগের পর সার্টিফিকেট বা সনদ যাচাই বাধ্যতামূলক করার পাশাপাশি জাল সনদ ধরা পড়লে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ব্যাংকিং খাতের শৃঙ্খলা, করপোরেট সুশাসন ও গ্রাহকের আস্থা ফেরাতে একগুচ্ছ নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত মেধার ভিত্তিতে ব্যাংকে নিয়োগ কার্যকর করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, যেসব এন্ট্রি পদের ক্ষেত্রে প্রার্থীদের পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয়, যেমন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার কিংবা ক্যাশ অফিসার পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও সমান আবেদনের সুযোগ নিশ্চিত করতে হবে। ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট বা চাকরি খোঁজার প্ল্যাটফর্মের (জব সাইট) দেশের কমপক্ষে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা বাধ্যতামূলক করা হয়েছে।
এন্ট্রি পদের ক্ষেত্রে সশরীর উপস্থিতি বা অনলাইন অ্যাসেসমেন্টের মাধ্যমে নৈর্ব্যক্তিক অথবা লিখিত পরীক্ষার পাশাপাশি অবশ্যই মৌখিক পরীক্ষা নিতে হবে। এসব পরীক্ষার নম্বরের ভিত্তিতে সবচেয়ে যোগ্য ও মেধাবী প্রার্থীরাই শুধু চাকরি পাবেন।
এ ছাড়া অভিজ্ঞদের জন্য এন্ট্রি পদ ব্যতীত অন্যান্য উচ্চতর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও অন্তত মৌখিক পরীক্ষাসহ প্রতিযোগিতামূলক পদ্ধতি অনুসরণ করতে হবে।
নতুন নীতিমালায় কর্মকর্তা-কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যাচাইয়ের ক্ষেত্রে বিশেষ কড়াকড়ি ও গুরুত্ব আরোপ করা হয়েছে। ব্যাংকে যোগদানের ১ বছরের মধ্যে নতুন কর্মকর্তা-কর্মচারীদের সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যাচাই সম্পন্ন করতে হবে।
ইউডি/এবি

