নিজেকে ট্রাম্পের উত্তরসূরি প্রমাণ করলেন জেডি ভ্যান্স
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৭:৫৫
রিপাবলিকানদের মধ্যবর্তীকালীন সম্মেলনের সমাপনীতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিজেকে ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি হিসেবে জোরালোভাবে তুলে ধরেছেন। তিনি এক জ্বালাময়ী ভাষণ দেন, যেখানে নিজের সাফল্যের অতিরঞ্জিত দাবি করেন, ডেমোক্র্যাটদের ‘উন্মাদ’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন এবং মেক্সিকোর পতাকা বহনকারী এক বিক্ষোভকারীকে অত্যন্ত আক্রমণাত্মকভাবে সমালোচনা করেন।
ডালাসে দেওয়া এই ভাষণে ভ্যান্স প্রমাণ করেছেন, তিনি তার নেতার (ট্রাম্পের) উগ্র ও বিভাজনমূলক মনোভাবকে ধারণ করতে সক্ষম। তিনি তার বক্তব্যে এমন সব ইঙ্গিতপূর্ণ ও উসকানিমূলক ভাষা ব্যবহার করেন যা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর আবেগকে উসকে দেয়; পাশাপাশি তিনি ট্রাম্পের সেই মিথ্যা দাবির পুনরাবৃত্তি করেছেন- ডেমোক্র্যাটরা ৭ অক্টোবরের ইসরায়েলিদের ওপর চালানো হত্যাকাণ্ডের ঘটনায় ‘উল্লাস’ প্রকাশ করেছিল।
মঞ্চে ওঠার সময় ‘জেডি, জেডি’ স্লোগানে তাকে স্বাগত জানানো হয়—দুই দিনব্যাপী এই সম্মেলনে ট্রাম্প ছাড়া অন্য কারো ক্ষেত্রে এমন প্রাণবন্ত সাড়া দেখা যায়নি; এমনকি কেউ কেউ স্লোগান দিয়ে দাবি জানান যে ২০২৮ সালে তাকেই দলের প্রার্থী করা উচিত।
ভ্যান্স তার বক্তৃতা শুরু করেন রিপাবলিকানদের বিভিন্ন ক্ষোভ ও অভিযোগের কথা তুলে ধরে। অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সেই আক্রমণাত্মক মনোভাবের সুরেই তিনি উপস্থিত জনতাকে বলেন, দুই বছর আগে “আমাদের দেশটা যখন আরো নোংরা, দরিদ্র, অনিরাপদ ও কম সমৃদ্ধ হয়ে উঠছিল—সেটা লক্ষ্য করার কারণে আমাদের যখন ‘বর্ণবাদী’ বলা হতো, তখন আমরা তাতে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম।”
অ্যারেনার ভেতরে থাকা ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (মাগা)-র সমর্থকরা তার এই কথাটি বেশ পছন্দ করেন; তবে সেই রাতে সবচেয়ে জোরালো উল্লাস ও করতালির ঝড় ওঠে যখন ভ্যান্স একজন বিক্ষোভকারীর কথার জবাব দেন, যিনি ক্ষণিকের জন্য তার বক্তৃতায় ব্যাঘাত ঘটিয়েছিলেন। ভ্যান্স দাবি করেন যে ওই বিক্ষোভকারী মেক্সিকোর পতাকা ওড়াচ্ছিলেন।
এরপর তিনি অত্যন্ত ঝাঁঝালো কণ্ঠে বলেন, “আচ্ছা বন্ধু, মেক্সিকোকে যদি এতটাই ভালোবাসো, তবে সোজা সেখানে চলে যাও—তোমার বিমানভাড়ার টাকাটা আমিই দিয়ে দেব।”
ইউডি/রেজা

