মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে বাউফলে সংবাদ সম্মেলন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৮:০৯
পটুয়াখালীর বাউফলে নাসির সিকদার ও শাজাহান সিকদারের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বেল্লাল আকন ও রেজাউল।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দাসপাড়া ল্যাংড়া মুন্সি এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বেল্লাল আকন অভিযোগ করে বলেন, গত ৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। অভিযোগ প্রমাণিত হলে তিনি আইন অনুযায়ী শাস্তি মেনে নেবেন। তবে মিথ্যা অপবাদ দিয়ে তার সামাজিক সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বেল্লাল আরও অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে নাসির সিকদারের সঙ্গে তার বিরোধ রয়েছে। তার দাবি, জমি বুঝিয়ে দেওয়া ও টাকা পরিশোধের বিষয় নিয়ে কথা বলতে গেলে তাকে অশ্লীল ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয়। এ সময় কয়েকজন ব্যক্তি ও স্থানীয় দোকানদার বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলেও দাবি করেন তিনি।
নিজের বিরুদ্ধে করা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং যারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান বেল্লাল আকন।
অন্যদিকে রেজাউল অভিযোগ করে বলেন, বেল্লাল আকন ও নাসির সিকদারের মধ্যে কথা কাটাকাটি হলে তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় নাসির সিকদার তাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং ‘ছোটলোক’ বলে আখ্যায়িত করেন বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে মোটরসাইকেলের হেলমেট দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করা হয় বলেও দাবি করেন রেজাউল। তার সঙ্গে নাসির সিকদারের কোনো পূর্ববিরোধ নেই বলেও জানান তিনি।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা এক অটোচালক বলেন, তিনি রেজাউলের দোকানে পান খেতে গিয়ে বেল্লাল ও নাসিরকে জমির দলিল সংক্রান্ত বিষয়ে কথা বলতে দেখেছেন। তাদের মধ্যে কথা কাটাকাটি হলেও তিনি কারও গায়ে হাত তুলতে দেখেননি বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা তাদের বিরুদ্ধে করা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে মানহানি করা হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ইউডি/রেজা

