চলতি বছরে আমেরিকায় হামে তৃতীয় মৃত্যু

চলতি বছরে আমেরিকায় হামে তৃতীয় মৃত্যু

উত্তরদক্ষিণ। সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১২:০৯

আমেরিকায় হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের জেফারসন কাউন্টির ৪০ বছর বয়সী এক নারী হামজনিত জটিলতায় শনিবার মারা গেছেন বলে রবিবার জানিয়েছে কর্তৃপক্ষ।

‘দ্য ওয়াশিংটন পোস্ট’ কাউন্টি করনার গ্রেগ ফার্লংকে উদ্ধৃত করে জানিয়েছে, ওই নারী হামের কোনো টিকা নিয়েছিলেন না। এ নিয়ে চলতি বছর আমেরিকায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

জেফারসন কাউন্টির চিফ ডেপুটি করনার জেসন স্টিভার বলেন, ‘যদিও গুরুতর অসুস্থতার ঘটনা খুব একটা দেখা যায় না, তবে এই মর্মান্তিক ঘটনাটি মনে করিয়ে দেয় যে হামকে মোটেও হেলাফেলা করা উচিত নয়।’

এর আগে আগস্টে অঙ্গরাজ্যটির ল্যাঙ্কাস্টার কাউন্টিতে হামজনিত কারণে দুজনের মৃত্যু রেকর্ড করা হয়। এটি ছিল ২০২৬ সালে আমেরিকায় এবং গত ৩৫ বছরের মধ্যে পেনসিলভ্যানিয়ায় হামে মৃত্যুর প্রথম ঘটনা।

২০০০ সালে আমেরিকাকে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে সম্প্রতি টিকা নিয়ে নতুন করে নানা সংশয় এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রতি অবিশ্বাসের কারণে দেশে ব্যাধিটি ফের মারাত্মক রূপ নিচ্ছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী ও টিকা-সংশয়বাদী রবার্ট কেনেডি জুনিয়রের বিরুদ্ধে টিকা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে এই সংকট তৈরির অভিযোগ রয়েছে।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালে আমেরিকায় এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৩০০ জনের হাম নিশ্চিত করা হয়েছে। এটি ২০২৫ সালের মোট ২ হাজার ২৮৯টি সংক্রমণের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

এর আগে এক বছরে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ছিল ১৯৯১ সালে। সে বছর মোট ৯ হাজার ৬৪৩ জনের হাম শনাক্ত হয়েছিল।

হামের ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, কাশি ও সর্দি। এর কয়েক দিন পর শরীরে লালচে র্যাশ বা ফুসকুড়ি দেখা দেয়।

রোগটি পরবর্তী সময়ে নিউমোনিয়া ও মস্তিষ্কের প্রদাহের মতো গুরুতর জটিলতার দিকে মোড় নিতে পারে; যা স্থায়ী শারীরিক ক্ষতি বা এমনকি মৃত্যুর কারণ হতে পারে।

এএফপি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading