বাবার সামনে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

বাবার সামনে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে হত্যা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৪:১৭

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের পারা রাজ্যের মায়ে দো রিও শহরে নিজ বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে ইভলিন লিমা দান্তাস নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত জুলাই মাসে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হয়েছিলেন তিনি। সম্প্রতি জেল থেকে জামিনে মুক্ত পেয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে দুটি গাড়ি করে আসা সশস্ত্র দুর্বৃত্তরা ইভলিনের বাড়িতে জোর করে প্রবেশ করেন। এ সময় তার বাবার সামনে দিয়ে তাকে টেনেহিঁচড়ে বাড়ির বাইরে ফুটপাতে নিয়ে যাওয়া হয়। বাইরে নিয়ে খুব কাছ থেকে মুখে ও শরীরে একাধিক গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় বাড়ির দেয়ালের বাইরে রিও ডি জেনেরিওর কুখ্যাত অপরাধ চক্র ‘তের্সেইরো কমান্ডো পুরো’ -এর নাম স্প্রে পেইন্ট দিয়ে লিখে যায়।

মৃত ইভলিন লিমা দান্তাসের সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা ছিল। টিকটক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তার কয়েক হাজার অনুসারী ছিল। লাইফস্টাইল ও রূপচর্চাবিষয়ক কনটেন্টের পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেওজড়িত ছিলেন বলে সন্দেহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

গত ২৯ জুলাই মায়ে দো রিও শহরে অবসরপ্রাপ্ত পুলিশ ও সাবেক পৌর গার্ড কমান্ডার আন্তোনিও আনিলদো আলভেস দা সিলভাকে চার জন মুখোশধারী ব্যক্তি একটি সুপারমার্কেটের সামনে গুলি করে হত্যা করে। ওই হত্যাকাণ্ডে সহায়তা দেওয়ার অভিযোগে ইভলিনকে গ্রেফতার করেছিল পুলিশ। পরবর্তীতে আদালতে প্রমাণের অভাবে গত শনিবার তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। জেল থেকে ছাড়া পাওয়ার মাত্র ৫ দিনের মাথায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তিনি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে আলামত নষ্ট করা। কিংবা কোনো অপরাধী চক্রের প্রতিশোধ নেওয়ার জন্য হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পাওয়া গ্রাফিতি সঙ্গে হত্যার কোনো যোগসূত্র আছে কি না তা তদন্ত করে দেখছেন গোয়েন্দারা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading