ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৭৪৭
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৭:১৭
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো প্রাণহানির ঘটনা ঘটেনি; তবে এই সময়ে ৭৪৭ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারের হিসাবে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল সেপ্টেম্বর মাসেই প্রাণ গেছে ৭৯ জনের; যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৬১ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ৪০ জন।
দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ২১৬ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২৫ জন, চট্টগ্রামে ১৮০ জন, খুলনায় ৮১ জন, ময়মনসিংহে ৯২ জন এবং রংপুরে ৫২ জন ভর্তি হয়েছেন।
বুলেটিনের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় ৭৪৬ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছর ৫৯ হাজার ১৪৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৪ হাজার ৮৩৮ জন হাসপাতাল ছেড়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।
ইউডি/রেজা

