শুটিং শেষে ফিরেই পলাশ কারাগারে, মাঝপথে অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৯:২৪
নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং শেষ করে দেশে ফিরেই গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়ক মরতুজা পলাশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় গত ২৮ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নেপালে সিনেমাটির ২৫ দিনের বেশি শুটিংয়ে অংশ নিয়েছিলেন পলাশ। আকস্মিক বন্যার কারণে শুটিং ইউনিট দেশে ফিরলে বিমানবন্দরেই তাঁকে আটক করে পুলিশ। পরে রিমান্ড শেষে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এদিকে পলাশ কারাগারে থাকায় অনিশ্চয়তায় পড়েছে অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’-এর বাকি শুটিং। সিনেমাটির বেশির ভাগ দৃশ্যের কাজ নেপালে শেষ হলেও কয়েকটি দৃশ্য ও গানের শুটিং এখনো বাকি।
নির্মাতা কামরুজ্জামান রোমান জানিয়েছেন, অক্টোবরে বাকি কাজ শেষ করার পরিকল্পনা ছিল। কিন্তু নায়ক কারাগারে থাকায় আপাতত চূড়ান্ত শিডিউল করা সম্ভব হচ্ছে না।
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত থ্রিলারধর্মী ‘শিকার’-এ পলাশ ও অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করছেন দুই বাংলার আরও কয়েকজন শিল্পী। এখন পলাশের আইনি প্রক্রিয়ার দিকেই তাকিয়ে সিনেমাটির পরবর্তী শুটিংয়ের ভাগ্য।
ইউডি/রেজা

