বিশ্বের প্রথম চুলের ব্যাংক!
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৬ অক্টোবর ২০১৯ ০০:০০
প্রায় সবার মুখেই শোনা যায় চুল পরার কথা। তাই বলে কি পরে যাওয়া চুল ব্যাংকে রাখতে হবে। সম্প্রতি এমনই এক ব্যাংক চালু হয়েছে ব্রিটেনের ম্যানচেস্টারে। যদি কোনো পুরুষের মাথায় টাক পড়ে, তাহলে পরবর্তীতে ওই ব্যাংকের ল্যাবে জমা রাখা চুল আবারো তাদের মাথায় প্রতিস্থাপন করা সম্ভব হবে। তবে চুলের নমুনা ব্যাংকটির ল্যাবে জমা রাখার জন্য পুরুষদের দিতে হবে ২,৫০০ পাউন্ড। ব্যাংকটির ল্যাবে পরবর্তীতে চুলের নমুনার ক্লোন করে চুল হারানো পুরুষের মাথায় আবারো প্রতিস্থাপন করা যাবে। চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়ায় এক গবেষণায় প্রথমবারের মতো জানা গেছে টাক হওয়ার পেছনে বায়ু দূষণ অনেকটাই দায়ী। আর বছরের মাঝামাঝিতে চীনের ডাক্তাররা জানিয়েছেন তারা এমন সব রোগী পেয়েছেন, যারা মানসিক চাপ, ঘুমের অভাব ও কম পুষ্টিকর খাবারের কারণে তাদের বাবাদের তুলনায় ২০ বছর আগেই টেকো হয়ে গেছেন। এক্ষেত্রে হেয়ার ব্যাংক কি টাক দূর করার নতুন উপায় হতে যাচ্ছে? ব্রিটেনের এক হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন বেসাম ফারজো ১০০ জনের মতো রোগীর চুল সংগ্রহ করেছেন। সেসব চুল মাথার তালুর পেছন দিক থেকে আধা ঘন্টার একটি ছোট অস্ত্রোপচারের মাধ্যমে একেবারে গোড়া থেকে তুলে আনা হয়। সেক্ষেত্রে লোকাল অ্যানেসথেশিয়া করা হয়। আর চুল সংগ্রহের বিষয়টা অনেকটা ইন্সুরেন্স পলিসির মতো। চুলগুলো একটি টিস্যুব্যাংকে মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হবে। পরবর্তীতে যেসব পুরুষ এই চুলগুলো জমা করেছেন, তাদের মাথায় টাক পড়তে শুরু করলে এই সংরক্ষিত চুল ক্লোন করে ব্যবহার করা হবে। ড. ফারজো’র হেয়ার ক্লোন নামের এই চুলের ব্যাংক তাদের কাজ শুরু করতে যাচ্ছে আগামী বছর থেকে। প্রথমবার মাথায় চুল প্রতিস্থাপনের পর কয়েক বছর পর পর আবারো চুল প্রতিস্থাপন করতে হবে। এতে ব্যয় হবে ৩০০০-৭০০০ পাউন্ড। আর চুল জমা রাখা পুরুষদের প্রতি বছর ফি হিসেবে প্রায় ১০০ পাউন্ড দিতে হবে।

