ওষুধ সেবনে সহায়ক হবে অ্যাপ
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৭ অক্টোবর ২০১৯ ০০:০০
ডাক্তারের ব্যবস্থাপত্র দেখে প্রতি বেলায় ওষুধ সেবনে সমস্যা? যদি তাই হয়, তবে হাতের মুঠোয় থাকা স্মার্টফোন আপনাকে সহায়তা করতে পারে। এখন স্মার্টফোন অ্যাপ রিমাইন্ডার রোগীদের সময়মতো ওষুধ খেতে সাহায্য করবে। স্মার্টফোনকে অনেক ধরনের স্বাস্থ্য সমস্যার জন্য দোষারোপ করা হলেও ডিভাইসটি হূদরোগীদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন অনেক বিশেষজ্ঞ। গবেষকদের মতে, একটি সাধারণ অ্যাপ কার্যকরী উপায়ে রোগীদের ওষুধ সেবনে সাহায্য করতে পারে। এতে মৃত্যুঝুঁকি অনেকটা কমে। বুয়েনস আইরসে আয়োজিত ৪৫তম আর্জেন্টাইন কংগ্রেস অব কার্ডিওলজিতে উপস্থাপিত জরিপে দেখা গেছে, ব্যবস্থাপত্রের চেয়ে স্মার্টফোন অ্যাপ রিমাইন্ডার ব্যবহার করে হূদরোগীদের ওষুধ সেবন করার সম্ভাবনা বেশি। এই গবেষণায় স্মার্টফোন অ্যাপ্লিকেশনটির প্রভাব পরীক্ষা করা হয়েছে। হাসপাতালে ভর্তি মোট ৯০টি হূদরোগীর উপর ওই পরীক্ষা চালানো হয়েছে। স্মার্টফোন গ্রুপে নির্ধারিতদের জন্য, নির্ধারিত ওষুধের সূচী ডিজিটাল অ্যাপ্লিকেশনটিতে আপলোড করা হয়েছিল। প্রতিবার ওষুধ সেবনের সময় একটি করে অ্যালার্ম বাজে। গবেষণায় রোগীদের গড় বয়স ছিল ৬৩ বছর। এদের মধ্যে ৭৫ শতাংশই ছিলেন পুরুষ। ৯০ দিনে ৬৫ শতাংশ রোগী ডিজিটাল অ্যাপের মাধ্যমে সঠিকভাবে তাদের ওষুধ সেবন করেছেন।

