মিথ্যা তথ্যে এমপিওভুক্ত হলে বাতিল করা হবে: শিক্ষামন্ত্রী

মিথ্যা তথ্যে এমপিওভুক্ত হলে বাতিল করা হবে: শিক্ষামন্ত্রী

উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ২৮ অক্টোবর ২০১৯ ০০:০০

মিথ্যা তথ্য দিয়ে এমপিওভুক্ত হলে তা কার্যকর হবে না, এমপিওভুক্তি বাতিল হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল রোববার (২৭ অক্টোবর) বিকালে নীলক্ষেতে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) সম্মেলন কক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই তথ্য জানান তিনি।  শিক্ষামন্ত্রী বলেন, ‘অসত্য তথ্য প্রদানকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। যেসব প্রতিষ্ঠান নিয়ে কথা উঠেছে, ইতোমধ্যে তা যাচাই করা হয়েছে। সব প্রতিষ্ঠান যাচাই করেই প্রতিষ্ঠানের অনুকূলে এমপিও ছাড় করা হবে।’ এমপিওভুক্তি নিয়ে মন্ত্রণালয়ের অবস্থান তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও নীতিমালায় উল্লেখিত মানদণ্ড অনুসরণ করে এমপিওভুক্তির ৯ হাজার ৬১৪ আবেদনের মধ্যে ২ হাজার ৭৩০টি যোগ্য প্রতিষ্ঠানকে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বাছাই করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রয়োজনীয় তথ্য অনলাইনে সাবমিট করেছে। এর মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা এবং পাসের হার সংশ্লিষ্ট বোর্ড থেকে নেওয়া হয়েছে। স্বীকৃতি সংক্রান্ত তথ্যাদি বাছাই করতে গিয়ে বেশ কিছু ভুল তথ্য পাওয়া যায় যা প্রতিষ্ঠানের দেওয়া।’ যুদ্ধাপরাধী বা কুখ্যাত ব্যক্তির নামের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর নাম যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিবর্তন করা হচ্ছে, এটি একটি চলমান প্রক্রিয়া। স্থানীয় পর্যায়ে এ ধরনের প্রতিষ্ঠান থাকলেও এ সংক্রান্ত সব তথ্য মন্ত্রণালয়ে নেই। বিষয়টি স্থানীয় পর্যায় থেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, স্থানীয় প্রশাসন, জনগণ, শিক্ষা মন্ত্রণালয়ের নজরে আনলে শিক্ষা মন্ত্রণালয় তাত্ক্ষণিকভাবে এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করবে।’ মন্ত্রী আরও বলেন, ‘এমপিওভুক্তির জন্য স্বীকৃতি একটি অন্যতম শর্ত। কেউ যদি এ শর্ত পালন না করে থাকে এবং এ আদেশে এমপিওভুক্ত হয়ে থাকে, তাহলে পরবর্তীতে যাচাই করে উল্লেখিত শর্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading