বন্যার্তদের পাশে অক্ষয়
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১০:৩৫
দক্ষ অভিনেতা হিসেবে অক্ষয়ের যেমন খ্যাতি হয়েছে, তেমনি একজন ভালো মানুষ হিসেবেও তার সুনাম অনেক। বারবার অসহায় মানুষের সহায়তা হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। গত মাসে ইন্ডিয়ার উত্তর প্রদেশ ও বিহার রাজ্যে ভারী বর্ষণ এবং এ থেকে সৃষ্ট বন্যায় প্রাণহানি ঘটেছে শতাধিক মানুষের। ঘরহীন হয়েছে অসংখ্য পরিবার। এবার তাদের পাশে দাঁড়ালেন বলিউড ‘খিলাড়ি’। বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারের পুনর্বাসনের জন্য এক কোটি রুপি অনুদান দিচ্ছেন অক্ষয়। প্রত্যেক পরিবারকে ৪ লাখ রুপি করে দেওয়া হচ্ছে। আসন্ন ছট পূজায় অক্ষয় তাদের হাতে চেক তুলে দেবেন। এ প্রসঙ্গে ইন্ডিয়ান সংবাদমাধ্যমকে অক্ষয় বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা এর সামনে কিছুই না। তবে আমাদের যতটুকু করা সম্ভব, তা করা উচিত্। আমি তাদের (বন্যায় ক্ষতিগ্রস্ত) জন্য কিছু করার সুযোগ পেয়েছি, তাই অনেক আনন্দিত।’ চলতি সপ্তাহে অক্ষয় কুমার অভিনীত ‘হাউজফুল ফোর’ সিনেমাটি মুক্তি পায়। হাস্যরসাত্মক গল্পের সিনেমাটি এরই মধ্যে বক্স অফিস থেকে ৫০ কোটি রুপি আয় করে নিয়েছে।

