তেলাপোকা মারতে বিস্ফোরণ
উত্তরদক্ষিণ মূদ্রিত সংস্করন ৩০ অক্টোবর ২০১৯ প্রকাশ ০০:০১ আপডেট ১২:৪৫
তেলাপোকায় বউয়ের ভীষণ ভয়! অথচ, ঘরের ভেতরও তাদের বেশ উত্পাত। খুঁজতে খুঁজতে দেখা গেলো বাড়ির উঠানে বড়সড় একটা গর্তে বাসা বেঁধেছে একঝাঁক তেলাপোকা। তাদের সবগুলোকে একবারেই মারতে অভিনব আইডিয়া করেন স্বামী। গর্তে গ্যাসোলিন ঢেলে তেলাপোকাগুলো আগুনে পুড়িয়ে মারার ইচ্ছা ছিল তার। কিন্তু, হলো হিতে-বিপরীত। সব তেলাপোকা তো মরলোই না, উল্টো বিস্ফোরণে গোটা উঠানটারই যা না তাই অবস্থা হয়ে গেলো।
সম্প্রতি ব্রাজিলে ঘটেছে এ ঘটনা। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনার ভুক্তভোগী সিজার স্কিমিত্জ (৪৮) নামে এক ব্যক্তি। তিনি বলেন, স্ত্রী অভিযোগ করছিল, তেলাপোকা আমাদের বাগান দখল করে ফেলেছে। সে এগুলো ভয় পায় আর অনুরোধ জানায়, আমি যেন মাটির নিচে থাকা তেলাপোকার বাসা নষ্ট করে দেই। স্ত্রীর অনুরোধ রাখতে তেলাপোকার গর্তে আগুন দেওয়ার পরিকল্পনা করে সিজার। সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, গর্তে গ্যাসোলিন ঢেলে আগুন দিতে ম্যাচের কাঠি ছুড়তে থাকেন তিনি। বেশ কয়েকবার চেষ্টার পর আগুন জ্বালাতে সক্ষম হন ওই ব্যক্তি।

