যে জীবনে কোনো গল্প থাকে না
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩১ অক্টোবর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৮
তিশা একটি বুটিক শপের কর্মী আর জোনায়েদ রেস্তোরাঁয় কাজ করে। দুজনের কর্মস্থল পাশাপাশি। কাজে আসা-যাওয়ার সময় পরস্পরের পরিচয়। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি করে তারা। তিশা একটি মহিলা হোস্টেলে থাকে। বুটিক শপে ডিউট শেষ করে যখন বের হয়, তখন তার হোস্টেল প্রায় বন্ধ হয়ে যায়। যার কারণে খুব তাড়াহুড়ো করে সে পথচলে। বিষয়টি খেয়াল করে জোনায়েদ। সে তিশাকে তার মোটর সাইকেলে লিফট দিতে চায়। প্রথমে রাজি হয় না। সময়ের সঙ্গে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে। একপর্যায়ে তিশাকে ভালোবেসে ফেলে জোনায়েদ কিন্তু তা মুখে বলে না। ভালোই চলতে থাকে তাদের জীবন। হঠাত্ পতিতা ভেবে একদিন রাস্তা থেকে তিশাকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর শুরু হয় নানা চড়াই-উত্রাই। শুরু হয় সংগ্রাম ও টিকে থাকার লড়াই। এমনই গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘যে জীবনে কোনো গল্প থাকে না’। মনিরুল ইসলাম রুবেলে রচনায় নাটকটি নির্মাণ করেছেন সাইদুর রহমান রাসেল।
এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। তার সঙ্গে ছিলেন আলোচিত রিয়েলিটি শো ‘কে হবেন মাসুদ রানা?’র প্রথম রানারআপ জোনায়েদ বাগদাদী। এর মাধ্যমে তার অভিনয়ে অভিষেক হচ্ছে। অভিষেকে সহশিল্পী হিসেবে তিশাকে পেয়ে উচ্ছ্বসিত জোনায়েদ। তার ভাষায়, ‘তিশা আপু আমাদের ইন্ডাস্ট্রির অন্যতম মেধাবী অভিনেত্রী। শুটিং শুরু হওয়ার পর আমাকে বুঝতেই দেননি, বড় কোনো অভিনেত্রীর সঙ্গে কাজ করছি। তিনি ভীষণ হেল্পফুল।’ কিছুদিন আগেই ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। নাটকটি আগামীকাল (১ নভেম্বর) চ্যানেল আইতে বেলা ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে।

