চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন – শপথ নিলেন নতুন কমিটি
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ৩১ অক্টোবর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১১:০৫
অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ। গতকাল (৩০ অক্টোবর) এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে। সভাপতি মিশা সওদাগরকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। এরপর মিশা সওদাগর অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘যারা নেতৃত্ব দেয়, তাদের নিয়ম-নীতি মানাটা জরুরি। নইলে অন্যকে নিয়ম মানতে বলাটা দৃষ্টিকটু হয়। যেহেতু আমার নেতৃত্বে এবারের নির্বাচন হয়েছে, তাই প্রথম থেকেই আমি চেষ্টা করেছি নিয়ম নীতি মেনে চলার। এ জন্য কিছুটা কঠোর হতে হয়েছে। এছাড়াও এবারের নির্বাচনে বেশ কিছু নিয়ম নতুন করেছি, যার ফলে অনেকেই কিছুটা কষ্টের মধ্যে পড়েছেন। একটি জাতির উন্নতির জন্য নিয়ম মেনে চলাটা খুবই জরুরি। তারপরও যারা ভোগান্তির শিকার হয়েছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা সবাই মিলে আইন ও নিয়মের মধ্যে সুন্দর এফডিসি গড়ব।’
শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা ছাড়াও সমিতির প্রবীণ ও নবীন অনেক শিল্পী উপস্থিত ছিলেন। গত ২৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয় পায় মিশা-জায়েদ প্যানেল। শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন- মিশা সওদাগর (সভাপতি), জায়েদ খান (সাধারণ সম্পাদক), মনোয়ার হোসেন ডিপজল (সহ-সভাপতি), মাসুম পারভেজ রুবেল (সহ-সভাপতি), আরমান (সহ-সাধারণ সম্পাদক), সুব্রত (সাংগঠনিক সম্পাদক), মামনুন হাসান ইমন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), জ্যাকি আলমগীর (দপ্তর ও প্রচার সম্পাদক), জাকির হোসেন (সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক), ফরহাদ (কোষাধ্যক্ষ)। কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী ও মারুফ।

