ইন্ডিয়ার পাঁচ রাজ্যে পালিত হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:২৫
ইন্ডিয়ার দিল্লি, কলকাতা, আগরতলা, চেন্নাই ও হায়দারাবাদে একযোগে পালন করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। গত বুধবার (৩০ অক্টোবর) বিকালে রাজধানীর বারিধারার একটি হোটেলে ঢাকায় সফররত ইন্ডিয়ান ইকোনমিক ট্রেড অর্গানাইজেশান (আইইটিও) এর প্রেসিডেন্ট ড. আসিফ ইকবালের নেতৃত্বে ১৫ সদস্যের একটি দলের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়কালে এসব তথ্য প্রকাশ করা হয়। এসময় জানানো হয়, মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালে বাংলাদেশসহ বিশ্বের অন্তত ১০টি দেশে এই কর্মসূচি পালন করা হবে।
মুজিব শতবার্ষিকী উদযাপনের জন্য এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ইন্ডিয়ারমধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আইইটিও এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অব অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিডব্লিউসিসিআই) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এই সমঝোতা স্বাক্ষর করে সিডব্লিউসিসিআই সভাপতি মনোয়ারা হাকিম আলী জানান, ইন্ডিয়ার দিল্লি, কলকাতা, আগরতলা, চেন্নাই ও হায়দারাবাদে একযোগে মুজিববর্ষ পালন করা হবে। এ উপলক্ষে ব্যাপক কর্মসূচি থাকবে।
তিনি জানান, পাকিস্তানি গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের তথ্যবহুল জীবনী গ্রন্থ প্রকাশ, আগরতলা ষড়যন্ত্রের ওপর ও ১৯৫২ সালে বঙ্গবন্ধুর চীন সফরের ওপর দুটো দালিলিক গ্রন্থ প্রকাশ, দুর্লভ ছবি প্রদর্শন, প্রবন্ধ রচনা, চিত্রকলা প্রদর্শনী, সংস্কৃতিক প্রতিযোগিতাসহ স্মৃতিকথার মতো কর্মসূচি দিয়ে বর্ণাঢ্য করে তোলা হবে মুজিববর্ষকে। এ সব রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন এনজিও সংগঠন মুজিববর্ষে অংশগ্রহণ করবে। প্রসঙ্গত, ২০২০-২১ সালকে ‘মুজিববর্ষ’ ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ৬ জুন ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয়ে দলের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী ‘মুজিববর্ষ’ কর্মসূচি ঘোষণা করেন। বৈঠকে বছরটি স্মরণীয় করে রাখতে একটি জাতীয় কমিটি ও একটি দলীয় কমিটি গঠন করেন তিনি।

