বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন কুমার বিশ্বজিত্

বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন কুমার বিশ্বজিত্

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩০

আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। আর এই উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিত্।  ‘হে বন্ধু বঙ্গবন্ধু’ শিরোনামে গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সুর করেছেন তরুণ কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক কিশোর। সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ। গান প্রসঙ্গে কুমার বিশ্বজিত্ বলেন, ‘মনে হয় না আর কোনো গান নিয়ে একটা খুঁতখুঁতে ছিলাম। এটি শুধু গান নয়, তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ, দেশপ্রেম প্রদর্শনের একটি গল্প। সাতবার গানটিতে কণ্ঠ দেওয়ার পর চূড়ান্ত করেছি।’ গানের গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘মুক্তিযুদ্ধ শেষে বঙ্গবন্ধু যখন ক্ষমতায় এলেন, অনেকেই তার সঙ্গে দেখা করতে যান। আমি তো একজন মুক্তিযোদ্ধা। যাবই যেহেতু, মন চাইল বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান লিখে নিয়ে যাই। তিনি আমাকে এমনিতেই আদর করতেন। যখন তার সঙ্গে দেখা করতে যেতাম, মাথার চুল ধরে আদর করে বলতেন, এই তুই নড়বি-টড়বি না। বঙ্গবন্ধুকে মনেপ্রাণে ভালোবাসা থেকে ‘হে বন্ধু বঙ্গবন্ধু, তোমার কালো ফ্রেমের চশমাটা আমায় দাও’ কবিতাটি লিখে নিয়ে যাওয়ার পর তার খুব পছন্দ হলো। শুনেছিলাম, এটি তিনি বাঁধাই করে ঘরের দেয়ালে রেখেছিলেন।

মাস ছয়েক আগে একদিন বিশ্বজিত্ এই কবিতার খোঁজ পায়। তারপর এটিকে গানে রূপান্তর করার অনুমতি চায়। আমি বলেছি, অনুমতির কিছু তো নাই, গান বানাবে, এটা তো খুবই আনন্দের খবর। এরপর প্রাথমিকভাবে বিশ্বজিত্ গানটি বানিয়ে আমাকে শোনায়, তখনই ভালো লাগে। পুরোপুরি তৈরি হওয়া গানটি শোনা হয়নি অবশ্য।’

কুমার বিশ্বজিতের উত্তরার স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। মিক্স মাস্টারিংয়ের জন্য মুম্বাইয়ে পাঠানো হয়েছে। গানটি নিয়ে নির্মিত হবে মিউজিক ভিডিও। কুমার বিশ্বজিত্ বলেন, ‘গানের কথার সঙ্গে মিল রেখে ভিডিওর গল্প সাজানো হয়েছে। যাতে বঙ্গবন্ধুর শৈশব থাকবে। এজন্য ভিডিওতে বাচ্চা প্রয়োজন। যে বাচ্চাটি এতে কাজ করবে তার পরীক্ষা চলছে। এজন্য আগামী ২৯-৩০ নভেম্বর দৃশ্যধারণের কাজ হবে। ইমরান নামে এক ছেলে এটি পরিচালনা করবে।’

আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে গানটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading