দলকে আরও অনেক কিছু দেওয়ার আছে মরগ্যান
উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০২ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১৩:৪০
গত বিশ্বকাপের ফাইনালে দুর্ভাগ্যজনক হারের কথা এত সহজে ভোলার কথা নয় নিউজিল্যান্ডের। সেই শোক তাদের এখনও তাড়া করে। ম্যাচ টাই করেও বাউন্ডারির নিয়মে হেরে যাওয়ার প্রায় সাড়ে তিন মাস পর ক্ষতে প্রলেপ দেওয়ার একটা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কিউইরা। যদিও ভিন্ন ফরম্যাট আর ঘরের মাঠে খেলা, তবু ইংলিশদের সামনে পাত্তা পায়নি স্বাগতিকরা।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে গতকাল শুক্রবার (০১ নভেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের পর অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন ইয়েন মরগ্যান। বলেছিলেন নতুন নেতৃত্বের কথা। বিশেষ করে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়কত্বে পরিবর্তনের কথা বলেছিলেন তিনি। বিশ্বকাপের পর অ্যাশেজ সিরিজের চাপে আড়ালে যায় মরগ্যানের কথা। এবার মরগ্যান নিজের ইচ্ছার কথা জানালেন নিজেই। যে দায়িত্বে তিনি আছেন তা চালিয়ে যেতে চান নিজের জন্য, দলের জন্য। টেস্ট স্পেশালকে দেওয়া সাক্ষাত্কারে মরগ্যান বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমি খুশি। আমি উচ্ছ্বসিত এবং অনুভব করছি এটাই আমার জন্য এবং দলের জন্য সেরা সিদ্ধান্ত হয়েছে।’ ‘আমি এখনও বিশ্বাস করি আমার আরও অনেক কিছু দেওয়ার আছে। আগামী বিশ্বকাপ পর্যন্ত অনায়েস খেলা চালিয়ে যেতে পারব। আমি কাউকে হতাশ করতে চাই না। তবে বিশ্বকাপ পর্যন্ত এ দলটাকে টেনে নিতে চাই এবং বিশ্বকাপের পর একটা সিদ্ধান্ত জানাতে চাই’-যোগ করেন মরগ্যান। তবে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মরগ্যান নিজের ফিটনেস ধরে রাখতে পারবেন তো? প্রশ্ন উঠছে জোরেশোরে। বিশ্বকাপজয়ী অধিনায়ক বিশ্বাস করেন ফিটনেস নিয়ে যন্ত্রণা পোহাতে হবে না তাকে, ‘আমার ফিটনেস নিয়ে অনেক প্রশ্ন উঠছে। কিভাবে ম্যাচে ফিরবো বা কিভাবে ক্রিকেট খেলবো তা নিয়ে অনেক কথা হচ্ছিল। কিন্তু আমি এখন পরিপূর্ণ সুস্থ আছি এবং নিজেকে সবদিক থেকে মানিয়ে নিতে পারছি। ফিটনেস কোনো ইস্যু হবে না।’ এই জয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

